রায়গঞ্জে অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক ব্যবস্থাপকের মৃত্যু, ৩ সদস্য থানায়
- আপডেট সময় : ১০:৫৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্রামীণ ব্যাংকের নিমগাছী শাখায় অডিট কার্যক্রম চলাকালে ব্যবস্থাপক মো. আব্দুস সালামের (৫০) রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর উদ্ভূত পরিস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য অডিট কমিটির তিন সদস্যকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
মৃত আব্দুস সালামের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলায়। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিমগাছী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং সেখানে কর্মরত ছিলেন।
ব্যাংকের সহকর্মীরা জানান, গত কয়েক দিন ধরে নিমগাছী শাখায় অডিট কার্যক্রম চলছিল। অডিট চলাকালীন সময়ে আব্দুস সালাম তীব্র মানসিক দুশ্চিন্তা ও চরম হতাশাগ্রস্ততায় ভুগছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি সবার অগোচরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেন। বিষয়টি টের পেয়ে সহকর্মী ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
শাখার কর্মী শফিকুল ইসলাম জানান, বিষাক্ত ট্যাবলেট সেবনের আগে আব্দুস সালাম তাকে বলেছিলেন, "আমাকে বাঁচতে দেওয়া হলো না। আমি মারা যাব।" এর কিছুক্ষণ পরই তিনি নিজে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খাওয়ার কথা প্রকাশ করেন। এই ঘটনার পর ব্যাংকের অডিট কমিটির সদস্যদের ঘিরে স্থানীয় জনতা ও গ্রাহকদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অডিট কমিটির তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য রায়গঞ্জ থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। জিজ্ঞাসাবাদের জন্য অডিট কমিটির তিন সদস্যকে থানায় আনা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। ঘটনার পেছনে মূল কারণ কী ছিল, তা উদ্ঘাটনে তদন্ত চলছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
























