হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৫:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-বিষয়ক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট এক হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১২ জনের প্রাণহানি ঘটেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিনজন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও এক হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে মোট এক লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ের মধ্যে মোট ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। এছাড়া, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এক লাখ ৭২ হাজার ২১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত এক লাখ ৬৬ হাজার ৯৩৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।



























