অপ্রতিম হত্যার বিচারহীনতা মেনে নেওয়া যায় না: ওলামা অ্যালায়েন্স
- আপডেট সময় : ০১:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

কুমিল্লায় ১৩ বছর বয়সি স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স। সংগঠনটির নেতৃবৃন্দ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিচারহীনতার সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় রোধে রাষ্ট্রের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, পুলিশ ইতোমধ্যে এ ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্তে কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়ার কথা জানিয়েছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের দায় নিশ্চিত করতে তদন্তের ওপর গুরুত্বারোপ করেছেন সংগঠনটির নেতারা।
ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের আহ্বায়ক মাওলানা আশরাফ উদ্দিন মাহদি আযহারী বলেন, অপরাধ সংঘটনের পর দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা না গেলে দায়মুক্তির প্রবণতা তৈরি হয়, যা সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা কমিয়ে দেয়। তিনি আরও বলেন, ইসলাম মানুষের জীবন ও নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। অপ্রতিমের এই মর্মান্তিক ঘটনা পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে মানবিক ও নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানোর প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে। তিনি আইন প্রয়োগের পাশাপাশি পরিবারে নৈতিক শিক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে চরিত্র গঠনের ওপর জোর দেন।
সংগঠনের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান অপ্রতিমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা জরুরি।
বিবৃতিতে নেতৃবৃন্দ কোরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, ইসলাম মানুষের জীবন ও সম্মানকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘যে ব্যক্তি কোনো প্রাণকে প্রাণের বিনিময় অথবা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির অপরাধ ছাড়া হত্যা করে, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল।’
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ০৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ১০





























