নেত্রকোনার আটপাড়ায় ঘাস কাটার সময় বজ্রপাতে কলেজছাত্রের মৃত্যু
- আপডেট সময় : ০১:০২:১১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নেত্রকোনার আটপাড়া উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আল মামুন (১৮)। তিনি সদ্য সমাপ্ত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
শুক্রবার সকালে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মল্লিকনগর গ্রামের আল আমিনের ছেলে মামুন পরীক্ষা শেষে বাড়িতেই অবস্থান করছিলেন। অবসর সময়ে তিনি মা-বাবাকে গৃহস্থালি কাজে সাহায্য করতেন এবং তাদের গরুর দেখাশোনা করতেন।
প্রতিদিনের মতো শুক্রবার সকালেও মামুন বাড়ির সামনে গরুর জন্য ঘাস কাটতে যান। সকাল আনুমানিক পৌনে নয়টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।





























