রাজধানীর ৩০০ ফিটে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

- আপডেট সময় : ০৪:১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় দায়িত্ব থেকে পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাজধানীর ভাটারার ৩০০ ফিট এলাকায় ঘুরতে গেছেন। সোমবার (২৭ জুলাই) রাত ৭টা ৫৭ মিনিটে এসএসএফের নিরাপত্তা প্রটোকল নিয়ে তিনি তার গুলশানের নিজ বাসভবন থেকে বের হন। একটি বার্তার মাধ্যমে তার এই ভ্রমণের তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে, সাবেক এই রাষ্ট্রপতির বিরুদ্ধে আলাদাভাবে কোনো আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক। তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম তদন্তের সময় যদি তার বা অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মো. সাহাবুদ্দিন সাংবিধানিকভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন, তাই তাকে লক্ষ্য করে ব্যক্তিগতভাবে আলাদা কোনো তদন্ত পরিচালনার পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের নেই।
মুখপাত্র আরিফ হোসেন খান আরও জানান, দেশের আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম নিয়ে তদন্ত চলমান রয়েছে। এসব তদন্তে যার সংশ্লিষ্টতাই পাওয়া যাবে, তার বিরুদ্ধেই বিধি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হাইকোর্টে দাখিল করা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামী ব্যাংকের ৮০ হাজার কোটি টাকা শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্স সরাসরি জড়িত ছিল। আদালত এ বিষয়ে দুদককে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলা সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, বুধবার (২৯ জুলাই) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য রয়েছে। বিএফআইইউ-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৭ সালে জেএমসি বিল্ডার্সের মনোনীত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন এবং পরে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। এই সময়কালে ইসলামী ব্যাংক থেকে ২৪টি কোম্পানি মিলে ৮০ হাজার কোটি টাকা ঋণ নেয়, যার মধ্যে তার মালিকানাধীন জেএমসি বিল্ডার্সও অন্তর্ভুক্ত ছিল।



























