বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন

- আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে আইনজীবী সমাজ। রোববার সকাল ১১টায় জেলা জজ কোর্ট প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিপুলসংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন আইনজীবীকে এভাবে হত্যা করা শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো বিচারব্যবস্থা ও আইনজীবী সমাজের জন্য এক বড় আঘাত। তারা এই নৃশংস ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শেখ ওহিদুজ্জামান দিপু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত বিচার নিশ্চিত না হয় এবং অপরাধীরা ধরা না পড়ে, তবে ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় প্রশাসনকেই নিতে হবে। সেই সঙ্গে দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনজীবী সমাজ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানানো হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী আইনজীবীরা নিহত অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। মানববন্ধন শেষে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।



























