১০০ বছর বয়সে মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ
- আপডেট সময় : ০৩:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদের স্ত্রী ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী ১০০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তাদের ছেলে মোখজানি মাহাথির। জাতীয় গণমাধ্যম বারনামার পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি তার মায়ের মৃত্যুর খবরটি জানান।
১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গরের ক্লাংয়ে জন্মগ্রহণ করেন ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলী। তিনি ছিলেন মালয়েশিয়ার প্রথম দিকের মালয় নারী চিকিৎসকদের একজন। ১৯৫৫ সালে সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিন থেকে স্নাতক সম্পন্ন করার পর তিনি চিকিৎসা পেশায় যুক্ত হন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করার সময় তিনি কেদাহসহ বিভিন্ন অঞ্চলে চিকিৎসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের বড় একটি অংশ কেটেছে জনস্বাস্থ্য এবং মা ও শিশু স্বাস্থ্যসেবার উন্নয়নে।
১৯৫৬ সালে তিনি ডা. মাহাথির মোহাম্মদকে বিয়ে করেন। তাদের সংসারে সাত সন্তান রয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সামাজিক কর্মী ও লেখক মেরিনা মাহাথির এবং কেদাহর সাবেক মেন্টেরি বেসার দাতুক সেরি মুখরিজ মাহাথির। উল্লেখ্য, মাহাথির মোহাম্মদ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত চার মেয়াদে এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে সিতি হাসমাহ বিভিন্ন সামাজিক ও নারী কল্যাণমূলক উদ্যোগে সক্রিয় ছিলেন। তিনি গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়াসহ বিভিন্ন সংস্থার নেতৃত্বে ছিলেন এবং পরিবার কল্যাণ, নারী উন্নয়ন ও মাদক প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। মাহাথির মোহাম্মদের অবসরের পরও তিনি তার পাশে থেকে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে জনসেবায় যুক্ত ছিলেন। ২০২৬ সালের আগস্ট মাসে এই দম্পতি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিবাহিত দম্পতি হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন।




























