গাজীপুরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মা ও শিশুকন্যা নিহত
- আপডেট সময় : ০৩:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

গাজীপুরের পুবাইল থানাধীন মেঘডুবি এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রুজুকা বেগম (৩০) ও তার সাড়ে তিন বছর বয়সী শিশুকন্যা ইয়ামনি নিহত হয়েছেন। রোববার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা-বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুজুকা বেগম শেরপুরের শ্রীবরদী থানার বাগহাতা গ্রামের সেকান্দার আলীর মেয়ে এবং মনির হোসেনের স্ত্রী। ইয়ামনি তার একমাত্র মেয়ে। তারা গাজীপুর সদর থানাধীন সালনা বাজার এলাকার মোস্তফার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১টা থেকে ২টার মধ্যে কোনো একসময় অজ্ঞাত গাড়িটি মা ও মেয়েকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তারা মহাসড়কে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুবাইল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ আহত মা ও মেয়েকে উদ্ধার করে অনতিবিলম্বে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রুজুকা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু ইয়ামনিকে বাঁচানোর চেষ্টা করা হলেও রাত আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
পুবাইল থানার এসআই আনোয়ার হোসেন জানান, মা ও মেয়ের মরদেহ বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তকরণসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

























