হরমুজ প্রণালিতে লাইবেরিয়ার এলপিজি ট্যাঙ্কারে ড্রোন হামলা
- আপডেট সময় : ১১:১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালির কাছে ফের একটি জাহাজ হামলার শিকার হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার (২০ সেপ্টেম্বর) হরমুজের পূর্ব দিকে লাইবেরিয়ার পতাকাবাহী এলপিজি ট্যাঙ্কার ‘এমটি আল মারিয়াহ’-তে ড্রোন হামলা চালানো হয়। ওই জাহাজে ১৯ জন নাবিক ও সদস্য ছিলেন, যার মধ্যে ৯ জনই ভারতীয় নাগরিক।
সৌভাগ্যবশত, এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজের বিদ্যুৎ ব্যবস্থা সচল রয়েছে এবং ইঞ্জিনেরও কোনো ক্ষতি হয়নি। দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জাহাজটিকে ওই অঞ্চল থেকে সরিয়ে আনা সম্ভব হয়েছে এবং বর্তমানে সেটি খোর ফাকান অঞ্চলে অবস্থান করছে। তবে এই হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার প্রভাব পড়েছে এই অঞ্চলের জলপথে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের জ্বালানি ও পণ্যবাহী জাহাজ চলাচল করে, যা সংঘাতের কারণে ঝুঁকির মুখে পড়েছে। ইরান এই জলপথের ওপর নিজেদের অধিকার দাবি করে আসছে এবং তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে হামলার হুমকি দিয়ে রেখেছে।
আমেরিকা ও ইরানের মধ্যকার এই দড়ি টানাটানির জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা খরচ ও বিমার প্রিমিয়াম বৃদ্ধি পেয়েছে, যা ব্যবসায়ীদের জন্য বাড়তি চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের শর্ত পূরণ হলেই কেবল প্রণালি পুরোপুরি খুলে দেওয়া হবে। অন্যদিকে, আমেরিকা ইরানের এই দাবি মানতে নারাজ। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গত কয়েক মাসে হরমুজ প্রণালিতে বেশ কয়েকটি জাহাজ হামলার শিকার হয়েছে, যার মধ্যে গত জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাতের দুটি তেলবাহী ট্যাঙ্কারে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত উল্লেখযোগ্য।




























