সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো
- আপডেট সময় : ১১:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে চার দফা সামরিক অভিযান চালানোর দাবি করেছে। শনিবার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে গোষ্ঠীটি জানায়, সৌদির বিমান হামলার পাল্টা জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনে হুতিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সৌদি আরব ১২৪টি বিমান হামলা চালিয়েছে।
বিবৃতি অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা থেকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে তিন ধাপে হামলা চালানো হয়েছে, যার ফলে বিমানবন্দরটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এছাড়া সৌদির রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর শুগাদাম গ্যাস স্থাপনায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং তানাজিব তেল শোধনাগারেও হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে গোষ্ঠীটি দাবি করেছে।
চতুর্থ অভিযানটি দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হয়েছে, যা বিমান চলাচল ব্যাহত করেছে বলে সারি জানিয়েছেন। হুতিরা আন্তর্জাতিক কোম্পানি, বিশেষজ্ঞ, কর্মী এবং বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনা না করার জন্য সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেছে। তাদের দাবি, মক্কা ও মদিনার বিমানবন্দর এবং আকাশসীমা বাদে সৌদি আরবের অন্য কোনো বিমানবন্দর নিরাপদ নয়।



























