জনগণের স্বার্থে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি বেলাল
- আপডেট সময় : ১১:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

জনগণের প্রয়োজনে আবু সাঈদের মতো জীবন দেওয়ার ঘোষণা দিয়েছেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মাহবুবুর রহমান বেলাল। রোববার রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এমন মন্তব্য করেন তিনি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
সভায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মাহবুবুর রহমান বেলাল বলেন, রাষ্ট্র নির্ধারিত ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী সংসদ সদস্যদের যথাযথ মর্যাদা দিতে হবে। তিনি জেলার বিভিন্ন কমিটিতে এমপিদের প্রতিনিধি রাখার দাবি জানান। জনপ্রতিনিধিদের ভূমিকা উপেক্ষা করা হলে জনগণের স্বার্থে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তিনি। তিনি বলেন, জনগণের রায় ও ন্যায্য দাবি উপেক্ষা করা হলে পরিস্থিতি জটিল হতে পারে এবং তার সবচেয়ে বড় হাতিয়ার জনগণের শক্তি।
সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের কঠোর সমালোচনা করে তিনি বলেন, অভিজ্ঞ ব্যবসায়ীরা শর্ত পূরণ করেও ডিলারশিপ পাননি। অথচ দলীয় পরিচয়ের কারণে ব্যবসায়িক অভিজ্ঞতা, গুদাম ও আর্থিক সক্ষমতা না থাকা সত্ত্বেও অনেকে ডিলার হয়েছেন। একই পরিবারের একাধিক ব্যক্তির ডিলারশিপ পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান।
এ সময় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও পুলিশ কমিশনারের অনুপস্থিতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বেলাল। তিনি বলেন, শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনার জন্য কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা প্রয়োজন। তিনি শ্যামা সুন্দরী খাল সংস্কার, যানজট নিরসন, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং ঢাকা কোচ স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তরের দাবি জানান। এছাড়া আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পূজামণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও নজরদারি বাড়ানোর আহ্বান জানান তিনি।
পরে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান বলেন, সভায় আবেগের বশে অনেক কথা বলা হয়েছে। তিনি সরকারি কর্মকর্তা ও সভায় উপস্থিত সদস্যদের পারস্পরিক সম্মান বজায় রেখে শব্দচয়নের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেন। সভায় রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৫ আসনের সংসদ সদস্য গোলাম রব্বানী, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিনসহ জেলা ও মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























