নিরাপত্তার স্বার্থে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- আপডেট সময় : ০৯:০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এই নির্দেশনা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। জেলা প্রশাসক জানিয়েছেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এই জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে পর্যটনকেন্দ্রটি পুনরায় খুলে দেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত ও অনিবার্য পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
স্থানীয় ও জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি নামের দুটি সংগঠনের ডাকা অবরোধের কারণে পর্যটন এলাকায় অস্থিরতা সৃষ্টি হয়। সংগঠনগুলোর অভিযোগ, জেএসএস (সন্তু লারমা) স্থানীয় জনসাধারণকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে গত বৃহস্পতিবার তারা সমাবেশ করে সময়সীমা বেঁধে দিয়েছিল। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় রবিবার সকাল ৬টা থেকে তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে।
অবরোধের সমর্থনে বিক্ষোভকারীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। এর ফলে রবিবার বেলা আড়াইটার দিকে সাজেক থেকে ছেড়ে আসা গাড়িগুলো উজোবাজারে এবং খাগড়াছড়ি থেকে সাজেকগামী গাড়িগুলো মাচালং বাজারে আটকা পড়ে। তিন ঘণ্টা আটকে থাকার পর পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে আলোচনা শেষে বিকাল সাড়ে ৫টায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।



























