রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, যাত্রী টার্মিনালে অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ১১:০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার ঘটনা ঘটেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনালে অজ্ঞাত বস্তু আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়। এর আগে বিমানবন্দরের কাছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও নিশ্চিত করেছে জোটটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী, আগের দিন রিয়াদ বিমানবন্দরে হওয়া এক হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছিল। সেই ঘটনার ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে যাত্রী টার্মিনালে আঘাত ও অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটল।
নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় শ্রীলঙ্কান এয়ারলাইনস আগামী ১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর মধ্যকার সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। তবে সংস্থাটি জানিয়েছে, দাম্মাম থেকে আসা-যাওয়ার ফ্লাইটগুলো তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য পরিস্থিতি নিরাপদ বলে বিবেচিত হলেই রিয়াদগামী ও রিয়াদ থেকে ছেড়ে যাওয়া ফ্লাইট পুনরায় চালু করা হবে।
অন্যদিকে, ইয়েমেনের হুতিদের পরিচালিত আল-মাসিরাহ টেলিভিশন দাবি করেছে যে, সানা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা হয়েছে। তবে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত এক সপ্তাহে সৌদি আরবের একাধিক বিমানবন্দরে হুতিদের হামলার খবরের মধ্যে সানা বিমানবন্দরে হামলার এ তথ্য সামনে এল। এছাড়া হুতি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার উত্তরে আমরান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় সাতটি বিমান হামলা চালানো হয়েছে।



























