সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী নিজ দেশে ফেরত
- আপডেট সময় : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

সৌদি আরবে শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে দেশজুড়ে চালানো এক সপ্তাহের বিশেষ অভিযানে ১০ হাজার ৪৩১ জন অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। সরকারি সংস্থাগুলোর সমন্বয়ে ১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই এক সপ্তাহে মোট ১৩ হাজার ৮৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ হাজার ৭৮৫ জন আবাসন বা ইকামা আইন লঙ্ঘনকারী, ৩ হাজার ৭১০ জন সীমান্ত নিরাপত্তা আইন অমান্যকারী এবং ৩ হাজার ৩৯৪ জন শ্রম আইন ভঙ্গকারী। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১ হাজার ৩৮২ জনকে হাতেনাতে আটক করা হয়। এই অনুপ্রবেশকারীদের মধ্যে ৬৬ শতাংশ ইথিওপিয়ান, ৩৩ শতাংশ ইয়েমেনি এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। পাশাপাশি, সীমান্ত পার হয়ে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টাকালে আরও ৩৪ জনকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী।
বর্তমানে মোট ৩৩ হাজার ১১৩ জন অভিবাসী, যার মধ্যে ৩০ হাজার ৪৩৮ জন পুরুষ ও ২ হাজার ৬৭৫ জন নারী, নির্বাসন ও আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছেন। এর মধ্যে ১৮ হাজার ৯৪৭ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের মাধ্যমে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের এবং ৪ হাজার ৫৯৬ জনকে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানের সুযোগ দেওয়ার দায়ে আরও ২১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশে সহায়তা, পরিবহন সুবিধা প্রদান কিংবা আশ্রয় দেওয়ার অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সেই সঙ্গে অপরাধে ব্যবহৃত যানবাহন ও বাসস্থান বাজেয়াপ্ত করা হবে। কোনো ধরনের অনিয়ম নজরে এলে ৯১১ নম্বরে কল করে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।




























