নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জন আটক
- আপডেট সময় : ০১:৪৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

নোয়াখালী জেলাজুড়ে পরিচালিত বিশেষ কিশোর গ্যাংবিরোধী ও জনসচেতনতামূলক অভিযানে ১৪৫ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে এক তরুণকে সামারি ট্রায়ালের আওতায় বিচারিক আদালতে পাঠানো হয়েছে। আর বাকি ১৪৪ জনকে মুচলেকা রাখার পর নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেন নোয়াখালী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন। তিনি জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে এ অভিযান শুরু হয়। এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন, তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত রাখা, সর্বসাধারণের নিরাপত্তা বিধিমোতাবেক নিশ্চিত করা এবং সামাজিক শৃঙ্খলা স্বাভাবিক রাখার উদ্দেশ্যেই জেলাজুড়ে এমন পদক্ষেপ বাস্তবায়িত হচ্ছে।
অভিযানে থানাভিত্তিক আটকের মধ্যে হাতিয়া থানায় সর্বোচ্চ ৫১ জন ও বেগমগঞ্জ মডেল থানায় ৩৬ জন রয়েছে। এছাড়া সুধারাম মডেল থানায় ১৫ জন, কবিরহাট থানায় ১২ জন, কোম্পানীগঞ্জ থানায় ১১ জন ও চরজব্বর থানায় ৮ জন আটক হয়। এছাড়া সেনবাগ, সোনাইমুড়ী ও চাটখিল থানা এলাকায় চারজন করে আটক করা হয়েছে। হাতিয়া থানায় আটক ৫১ জনের মধ্যে একজনকে সামারি ট্রায়ালে আদালতে তোলা হয় এবং বাকি ৫০ জনকে পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিবেশ উন্নয়ন প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন জানান, কিশোর অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে পুলিশি অভিযানের পাশাপাশি কিশোরদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ তৈরিতে কাজ চলছে। এজন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে যুক্ত করে সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে নোয়াখালী জেলা পুলিশ।




























