কুড়িগ্রামে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
- আপডেট সময় : ০১:০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সার ডিলার নিয়োগে অর্থ বাণিজ্য ও অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একাধিক নেতাকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা এই নিয়োগ বাতিলের দাবি জানিয়েছেন।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের বিরুদ্ধেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাকর্মীদের সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এই অনিয়ম হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌরসভার বলদিটারী মোড় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলার কলেজ মোড়ে গিয়ে শেষ হলে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগের দুঃশাসন ও নির্যাতনের কথা বিএনপির নেতারা ভুলে গেলেও তৃণমূলের নেতাকর্মীরা তা ভুলে যাননি। তারা আরও হুঁশিয়ারি দেন যে, অর্থের বিনিময়ে বিএনপিকে বঞ্চিত করে ফ্যাসিস্ট ও তাদের দোসরদের পুনর্বাসনের প্রক্রিয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
বক্তাদের দাবি অনুযায়ী, উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে মোট ১৫ জন সার ডিলারের মধ্যে ১০ জনকেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির নেতাদের মধ্য থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজার অনিয়মের মাধ্যমে এসব নিয়োগ সম্পন্ন হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন নাগেশ্বরী পৌর কৃষকদলের সদস্যসচিব আদম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও আলমগীর হোসেন, সাবেক যুবদল নেতা মাইনুদ্দিন এবং ছাত্রনেতা আক্তারুজ্জামান রাশেদসহ অন্যান্য নেতাকর্মীরা।




























