মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদল সম্পাদকসহ গ্রেপ্তার ৪
- আপডেট সময় : ০১:২৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নেত্রকোণার মদন পৌরসভা এলাকায় মাদক সেবন করার সময় পৌর ছাত্রদলের এক শীর্ষ নেতাসহ মোট চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ৯টার দিকে পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে তাদের ধরা হয়।
পুলিশ জানিয়েছে, থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযান চলাকালে আটক ব্যক্তিরা ইয়াবা ও গাঁজা সেবন করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও চার-পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।
আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী আকন্দ হিরা (২৯)। তিনি মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের (বর্তমানে মদন বাজার এলাকার বাসিন্দা) মৃত আব্দুর রহিমের ছেলে।
এ ঘটনায় গ্রেপ্তার অন্য তিনজন হলেন—মদন দক্ষিণপাড়া গ্রামের শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২), কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্দর গ্রামের আ. জলিলের ছেলে তারেক (২৪)।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম জানান, মাদক সেবনরত অবস্থায় চারজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



























