নোয়াখালীতে খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল
- আপডেট সময় : ০৫:০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলায় টাকা চুরির অভিযোগে মো. কবির (৩৫) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায় নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকার একটি দোকানের সামনে থেকে কবিরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮ মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আহত কবিরকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে এবং তাঁকে টাকা চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভিডিওটি মঙ্গলবার বিকেলে বিভিন্ন ফেসবুক আইডি থেকে ছড়িয়ে পড়ে।
ঘটনার সূত্রপাত সম্পর্কে জানা যায়, সোমবার নোয়াখালী শহরের সোনাপুর পেট্রলপাম্প-সংলগ্ন হাসিব ওয়ার্কশপ থেকে ১ লাখ ৮০ হাজার টাকাভর্তি একটি ব্যাগ চুরির অভিযোগ করেন ওয়ার্কশপের মালিক মো. হোসেন। তিনি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ফেসবুকে প্রকাশ করে অভিযুক্তকে শনাক্তের অনুরোধ জানিয়েছিলেন।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকার এক ব্যক্তি হোসেনকে ফোন করে কবিরকে শনাক্তের তথ্য জানান। খবর পেয়ে হোসেন ও তাঁর লোকজন সেখানে গিয়ে কবিরকে মারধর করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হোসেন ও তাঁর লোকজন এরপর কবিরকে ইসলামগঞ্জ বাজার থেকে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দূরে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকায় নিয়ে যান। হোসেনের বাড়ি ওই এলাকায়। সেখানে নেওয়ার পর কবিরের মৃত্যু হয় বলে স্থানীয়রা ধারণা করছেন এবং পরে তাঁর লাশ দোকানের সামনে ফেলে রাখা হয়।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ইদ্রিস জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় দেবীপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। কবিরের শরীরে লাঠির আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে পিটিয়ে হত্যার ধারণা করা হলেও তদন্তের আগে কারা বা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























