নোয়াখালীতে গ্যারেজে অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩
- আপডেট সময় : ০২:২৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামে একটি অটোরিকশার গ্যারেজে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। মঙ্গলবার পরিচালিত এই অভিযানে ৪৪ পিস ইয়াবা, একটি দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), র্যাব-১১ ও জেলা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
ডিএনসি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির উপপরিদর্শক মো. হাবিবুর রহমান, র্যাব-১১-এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন এবং সুধারাম মডেল থানার উপপরিদর্শক সুমন বণিকের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় গ্যারেজের ভেতরে হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে তৈরি বিশ্রামকক্ষের খাটের ওপর থেকে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে ওই কক্ষে তিনটি সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা বসানো হয়েছিল বলে জানা গেছে।
আটককৃতরা হলেন গ্যারেজের মালিক মো. মামুন উর রশিদ (৩৭), আব্দুল মান্নান (২৭) এবং মানজুর রহমান শাকিল (৩৮)। তাদের মধ্যে মামুন উর রশিদ পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত ইউছুপ মিয়ার ছেলে, আব্দুল মান্নান করমুল্যা বাজার এলাকার আব্দুল হানিফের ছেলে এবং মানজুর রহমান শাকিল দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের খলিফা বাড়ির মফিজুর রহমানের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্যারেজের ওই বিশ্রামকক্ষটি দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের কাজে ব্যবহৃত হয়ে আসছিল। এছাড়া এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে অস্ত্র ও কার্তুজ সংগ্রহ করা হয়েছিল। ডিএনসির নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।



























