সানজি গ্রুপের ১৬ কোটি টাকা আত্মসাৎ: এজিএম পার্থ সারথী গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:২২:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

সানজি গ্রুপ অব কোম্পানিজের ১৬ কোটি ৬২ লাখ ৪১ হাজার ২১৫ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) পার্থ সারথী হালদারকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার দিবাগত রাত একটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার পশ্চিম রাজাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে, পার্থ সারথী গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করলেও তা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দিতেন না। এর পরিবর্তে তিনি প্রতিষ্ঠানের সফটওয়্যারে টাকা জমা হওয়ার ভুয়া তথ্য দেখাতেন। এছাড়া মালিকের সই করা ফাঁকা চেকের প্রাপকের নাম পরিবর্তন করে অর্থ নিজের ব্যক্তিগত হিসাবে সরিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করতেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পার্থ সারথী নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে সিআইডি জানিয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ৪ ডিসেম্বর রাজধানীর ভাটারা থানায় সানজি গ্রুপ মামলাটি দায়ের করে। এতে অভিযোগ করা হয়, পার্থ সারথী হালদারসহ অন্য অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে পরিকল্পিতভাবে এই অর্থ আত্মসাৎ করেছেন। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে এবং এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
সিআইডির তথ্য অনুযায়ী, পার্থ সারথী ব্র্যাক ব্যাংকের ব্যক্তিগত হিসাব ব্যবহার করে ২ কোটি ২৭ লাখ ২২ হাজার ৮৯৭ টাকা আত্মসাৎ করেন। পাশাপাশি এনআরবিসি ব্যাংকের দুটি হিসাব ব্যবহারসহ বিভিন্ন কৌশলে তিনি মোট ৯ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ৮৩৯ টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া সানজি গ্রুপের আরেক প্রতিষ্ঠান পানামা সিএনজি কনভার্সন থেকেও ৬৫ লাখ ৭ হাজার ৯৫০ টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সব মিলিয়ে গ্রাহকদের নগদ অর্থ ও ফাঁকা চেক ব্যবহার করে ১৬ কোটি ৬২ লাখ ৪১ হাজার ২১৫ টাকা আত্মসাৎ করা হয়েছে। উল্লেখ্য, এই মামলায় গত ১৬ সেপ্টেম্বর শান্তিনগর মোড় এলাকা থেকে সাইফুল ইসলাম ওরফে জনি ও সৈয়দ আরব আলী নামের দুজনকে গ্রেপ্তার করেছিল সিআইডি।



























