মিষ্টির শূন্য আসনের উপ-নির্বাচনে জামানত ২০ হাজার টাকা
- আপডেট সময় : ০৩:৫০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত আসনের উপ-নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের জন্য ২০ হাজার টাকা জামানত নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৭ অক্টোবর) নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তাকে এই নির্দেশনা প্রার্থীদের মাঝে প্রচার করার জন্য বলা হয়েছে। নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে নিজে অথবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি নগদ ২০ হাজার টাকা জামানত হিসেবে জমা দেবেন। এছাড়া ব্যাংক ড্রাফট, পে-অর্ডার কিংবা সরকারি ট্রেজারি বা সাব-ট্রেজারিতে নির্দিষ্ট কোডে অর্থ জমা দিয়ে তার রসিদও মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করা যাবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। এরপর ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে এবং ২৮ অক্টোবর বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে। আপিল নিষ্পত্তির তারিখ ২৯ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর এবং সবশেষে ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। এরপর তিনি পদত্যাগ করলে সংসদ সচিবালয় আসনটি শূন্য ঘোষণা করে। সেই শূন্য আসনে এখন উপ-নির্বাচনের প্রক্রিয়া চলছে।
























