২০৩০ সালে ক্ষমতা ছাড়ার চূড়ান্ত ঘোষণা দিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি
- আপডেট সময় : ০৮:৩০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর সময়সীমা ঘোষণা করেছেন। শনিবার ইজিপশিয়ান মিলিটারি একাডেমির এক সমাবর্তন অনুষ্ঠানে তিনি স্পষ্ট করে বলেন, ২০৩০ সালই হবে তার প্রেসিডেন্ট মেয়াদের শেষ সময়। ৭১ বছর বয়সী সিসি বর্তমানে ছয় বছর মেয়াদের জন্য রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, এই সময়সীমা চূড়ান্ত এবং এ নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট সিসি জানান, মিশরের সংবিধানে কোনো পরিবর্তন আনা হবে না। তবে তিনি এটাও উল্লেখ করেন যে, যতক্ষণ না মিশর এমন যোগ্য মানুষের হাতে পরিপূর্ণ হচ্ছে যারা দেশের দায়িত্ব কাঁধে নিতে সক্ষম, ততক্ষণ তিনি রাষ্ট্র ছাড়বেন না। তিনি আরও বলেন, মিলিটারি একাডেমি নতুন প্রজন্মের নেতা তৈরির কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সিসি রাষ্ট্রক্ষমতায় বসেন। বর্তমানে মিশরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গোষ্ঠী উদ্বেগ প্রকাশ করেছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, মিশরের কারাগারগুলোতে বর্তমানে ৬০ হাজারের বেশি রাজনৈতিক ও মতাদর্শিক বন্দি রয়েছেন, যাদের মধ্যে ১ হাজারের বেশি নারী। চিকিৎসায় অবহেলা এবং অমানবিক পরিবেশের কারণে সাবেক প্রেসিডেন্ট মুরসিসহ বহু বিরোধী নেতার মৃত্যু হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এমন এক সময়ে সিসির এই ঘোষণা এলো যখন পুরো অঞ্চলটি উত্তাল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। গত সপ্তাহে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি আরবের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া সুদান-মিশর সীমান্তে একটি সোনার খনিতে মিশরের বিমান হামলায় ৭২ জন বেসামরিক শ্রমিক নিহতের ঘটনাও ঘটেছে। কায়রো বর্তমানে সুদানের সশস্ত্র বাহিনীকে সংযুক্ত আরব আমিরাত-সমর্থিত আরএসএফ-এর বিরুদ্ধে সমর্থন দিচ্ছে। লোহিত সাগরে নৌ-আধিপত্য ও ইথিওপিয়ার সঙ্গে রেনেসাঁ ড্যাম নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্বের পাশাপাশি ইথিওপিয়া ও ইরিত্রিয়ার মধ্যকার সংঘাতের প্রেক্ষাপটে সামরিক ও গোয়েন্দা তৎপরতা সমন্বয়ের লক্ষ্যে কায়রোতে সুদান, সোমালিয়া এবং ইরিত্রিয়ার প্রতিনিধিদের নিয়ে একটি সম্মেলনও করেছে সিসির সরকার।




























