হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইরান

- আপডেট সময় : ০৬:২৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার লক্ষ্যে ওমানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে আয়োজিত ওই সম্মেলনে তিনি জানান, একটি স্থায়ী রুট চূড়ান্ত করার আগে ওমানের সঙ্গে অস্থায়ী ভিত্তিতে একটি শিপিং রুট চালুর বিষয়ে আলোচনা চলছে। এই অস্থায়ী রুটটিকেই পরবর্তীতে মূল রুটের ভিত্তি হিসেবে ব্যবহার করা হবে। দুই দেশের সামরিক ও নৌবাহিনীর মধ্যে এ সংক্রান্ত আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।
একই সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আরাগচি। তিনি জানান, ইরান সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে আসছিল, যার অধীনে এক মাসের মধ্যে নৌ-চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল। বর্তমানে দুই সপ্তাহের মধ্যেই তা ৬০ শতাংশ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। তবে তেহরানের সতর্কবার্তা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নতুন রুট তৈরির চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।



























