গাজা ইস্যুতে ট্রাম্পের পরিকল্পনায় দ্বিমত পোষণ করলেন নেতানিয়াহু
- আপডেট সময় : ১০:২২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

গাজা উপত্যকা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেওয়া পরিকল্পনার কিছু বিষয়ে নিজের মতপার্থক্য থাকার কথা স্পষ্টভাবে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসের সঙ্গে সাম্প্রতিক চুক্তির বিষয়ে ট্রাম্পের সঙ্গে মতভেদ রয়েছে বলে স্বীকার করে তিনি বলেন, ‘হামাসের সঙ্গে সাম্প্রতিক চুক্তির বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কিছু মতপার্থক্য রয়েছে। আমি তা গোপন করছি না।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’–এর প্রধান দূত নিকোলাই ম্লাদেনভের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহু এই মন্তব্য করেন। গাজার পুনর্গঠন প্রক্রিয়া শুরুর আগে হামাসকে নিরস্ত্র করা এবং গাজা উপত্যকাকে সামরিকীকরণমুক্ত করার ওপর জোর দেন তিনি।
এর আগে গত সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, গাজা পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষে তার উদ্যোগে গঠিত বোর্ড হামাসের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ সমঝোতায় পৌঁছেছে। সেই চুক্তির আওতায় হামাসের অস্ত্র ত্যাগ করা এবং যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা জানানো হয়েছিল। আল–জাজিরার দেখা চুক্তির নথিতেও গাজা থেকে সেনা প্রত্যাহারের সঙ্গে ধাপে ধাপে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি যুক্ত থাকার তথ্য পাওয়া গেছে।
তবে ইসরাইলের আপত্তির মুখে বোর্ড অব পিস পরে জানিয়েছে, ইসরাইলি সেনা প্রত্যাহারের আগেই হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ করতে হবে। গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে হামাসের অস্ত্র সমর্পণ এবং ইসরাইলি সেনা প্রত্যাহার—এই দুটি বিষয়কে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে, যদিও এ নিয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের অবস্থানের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখা দিয়েছে।

























