ইরান ইস্যুতে ট্রাম্পের কোনো বাস্তব পরিকল্পনা নেই: সাবেক মার্কিন রাষ্ট্রদূত

- আপডেট সময় : ০৪:৩৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ‘বাস্তব পরিকল্পনা নেই’ বলে মন্তব্য করেছেন বাহরাইনে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত অ্যাডাম এরেলি। তিনি বলেন, চলতি সপ্তাহে ট্রাম্প কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখতে তার পরিকল্পিত হামলা বাতিল করেছেন কি না তা নিশ্চিত করে বলা অসম্ভব। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে এটি স্পষ্ট যে ট্রাম্প প্রশাসনের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা নেই।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এরেলি বলেন, ট্রাম্প প্রশাসন নিজেদের তৈরি করা একটি গোলকধাঁধা থেকে সবচেয়ে দ্রুত এবং কম খরচে বেরিয়ে আসার উপায় খুঁজছে। তিনি আরও উল্লেখ করেন যে, পুরো যুদ্ধজুড়ে ট্রাম্পের আচরণে একটি নির্দিষ্ট ধরনের পুনরাবৃত্তি লক্ষ্য করা গেছে।
সাবেক এই রাষ্ট্রদূতের মতে, ট্রাম্প প্রথমে নিজেকে বোঝানোর চেষ্টা করেন যে ইরানের ওপর ক্রমাগত ভারী হামলা চালালে দেশটি চুক্তিতে আসতে বাধ্য হবে। এরপর উপসাগরীয় দেশের নেতারা তাকে ফোন করে হামলা না চালানোর অনুরোধ করেন, কারণ ইরানের পাল্টা জবাবের শিকার হওয়ার ভয় তাদেরই বেশি থাকে। তখন ট্রাম্প একধাপ পিছিয়ে এসে বলেন যে যুক্তরাষ্ট্র ‘কূটনীতিকে আরও একটি সুযোগ দেবে’, তবে একই সাথে ইরান চুক্তি প্রত্যাখ্যান করলে হামলা চালানোর হুমকিও বহাল রাখেন।
এরেলি বলেন, এই প্রক্রিয়ার ফলে পরিস্থিতি কার্যত একই জায়গায় আটকে আছে। ইরান হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ধরে রাখছে, ট্রাম্প বলছেন চুক্তি হয়েছে, পরে সেই চুক্তি ভেঙে যাচ্ছে এবং পুরো প্রক্রিয়া আবার নতুন করে শুরু হচ্ছে।



























