জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি শিক্ষার্থীদের অবদান স্মরণীয়: ববি হাজ্জাজ
- আপডেট সময় : ০৫:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের সাহস, ঐক্য এবং আত্মত্যাগের এক অনন্য অধ্যায়। এই আন্দোলনে সরকারি ও বেসরকারি উভয় ধারার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এই আন্দোলনকে আরও ব্যাপকতা ও শক্তি জুগিয়েছে, যা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি স্মরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাতটায় রাজধানীর তেজগাঁওয়ের শাহীনবাগের এমপেরিয়াল হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেতৃত্ব ছিল না। বরং বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং সর্বস্তরের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই এই আন্দোলন সফলতার দিকে এগিয়ে গিয়েছিল। দেশের প্রয়োজনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন সাহসী অবস্থান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ববি হাজ্জাজ বলেন, গণতান্ত্রিক সমাজে শিক্ষার্থীরা পরিবর্তনের মূল শক্তি হলেও তাদের প্রধান পরিচয় শিক্ষার্থী। তাই দেশ, সমাজ ও গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল থেকে শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা তাদের কর্তব্য। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকতা, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার প্রাথমিক শিক্ষা থেকেই মূল্যবোধভিত্তিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতা জোরদারে কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী সভায় অংশগ্রহণ করেন।



























