খুলনায় ২৭ বছর পর গ্রেফতার এরশাদ শিকদারের সহযোগী জয়নাল
- আপডেট সময় : ১১:১৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের দীর্ঘদিনের সহযোগী ও যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জয়নাল সরদারকে (৫৫) গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিচয় গোপন রেখে দীর্ঘ ২৭ বছর ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকার পর, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এসআরবি-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু এই তথ্য নিশ্চিত করেছেন।
অভিযান পরিচালনাকারী সূত্রে জানা গেছে, এসআরবি-৮ এবং এসআরবি-৬ এর একটি চৌকস দল যৌথভাবে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্য ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জয়নাল সরদারের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা। বরিশালের গৌরনদী থানার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে জয়নাল সরদার দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত জয়নাল সরদারের বিরুদ্ধে ১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। বিচারিক প্রক্রিয়ায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া লাশ গুমের দায়ে আদালত তাকে পৃথকভাবে আরও পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দীর্ঘ সময় পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আদালত। গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জয়নাল সরদারকে সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



























