বিবাহিত জীবনের ৩১ বছর পূর্ণ করলেন ওমর সানী ও মৌসুমী
- আপডেট সময় : ০৪:২০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী তাদের বিবাহিত জীবনের ৩১ বছর উদযাপন করছেন। এই বিশেষ দিনে স্ত্রী মৌসুমীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন অভিনেতা ওমর সানী। রোববার (২ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, 'হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত; আমীন।'
ওমর সানীর এই পোস্টটি মুহূর্তেই ভক্ত ও অনুরাগীদের নজরে আসে। মন্তব্যের ঘরে দম্পতিটির প্রতি অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসার বার্তায় ভরে ওঠে পোস্টটি।
ঢালিউডের অন্যতম সফল এই জুটির সম্পর্কের শুরু ১৯৯২ সালে। পরিচালক শেখ নজরুল ইসলামের একটি সিনেমার সূত্রে তাদের প্রথম দেখা হলেও নানা কারণে সেই ছবিতে কাজ করা হয়নি। পরবর্তীতে ১৯৯৩ সালে 'দোলা' সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন তারা। শুটিং চলাকালে ছোটখাটো মনোমালিন্য হলেও সেখান থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে ভালো লাগা, যা পরে ভালোবাসায় রূপ নেয়। ১৯৯৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবনে একসঙ্গে পথ চলা এই তারকা দম্পতি এখনও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় ও আলোচিত জুটি।





























