‘টক্সিক’ সিনেমায় কিয়ারার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে ট্রোলিং, পাশে দাঁড়ালেন স্বস্তিকা
- আপডেট সময় : ০৮:৩৮:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

কন্নড় তারকা যশ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমাটি মুক্তির পর থেকেই নানা আলোচনায় রয়েছে। গীতু মোহানদাস পরিচালিত এই সিনেমাটি গত ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেলেও, পরবর্তী সময়ে সিনেমাটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া বাড়তে শুরু করে, যার প্রভাব পড়ে এর আয়েও।
তবে সিনেমাটির সামগ্রিক আলোচনার চেয়েও বড় হয়ে উঠেছে এর প্রধান দুই চরিত্রের কিছু অন্তরঙ্গ দৃশ্য। বিশেষ করে সিনেমাটি মুক্তির আগে ‘তাবাহি’ গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়ারা আদভানিকে লক্ষ্য করে ব্যাপক ট্রোলিং শুরু হয়। সমালোচকদের একটি অংশের দাবি, কিয়ারা যেহেতু বাস্তব জীবনে বিবাহিত এবং একজন মা, তাই পর্দায় এ ধরনের ঘনিষ্ঠ দৃশ্যে তার অভিনয় করা মোটেও উচিত হয়নি।
কিয়ারাকে নিয়ে চলা এই সমালোচনার বিরুদ্ধে এবার কড়া প্রতিবাদ জানিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় বলেন, কোনো সিনেমা বা চরিত্র নিজে না দেখেই আগে থেকে একটি নেতিবাচক মতামত তৈরি করে ফেলা খুবই সমস্যাজনক। বিশেষ করে নারী ও অভিনেত্রীদের ক্ষেত্রেই এই ধরনের সংকীর্ণ প্রবণতা বেশি লক্ষ্য করা যায়।
স্বস্তিকা তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “কাজটি দেখার আগেই যদি মতামত তৈরি করে ফেলি, তাহলে আমরা শেষ হয়ে গেছি। কারণ কোনো সিনেমা দেখার আগেই সবকিছু নিয়ে একটি মতামত তৈরি হয়ে যায়—বিশেষ করে নারী ও অভিনেতাদের নিয়ে।”
তিনি আরও উল্লেখ করেন যে, দর্শকরা অনেক সময় সিনেমার প্রেক্ষাপট, গল্পের প্রয়োজনীয়তা কিংবা চরিত্রের গুরুত্ব না বুঝেই শুধু কিছু অন্তরঙ্গ দৃশ্য দেখে সমালোচনা শুরু করে দেন। এ প্রসঙ্গে তার ভাষ্য, “আপনি জানেন না সিনেমাটিতে কী আছে। আপনি জানেন না এর প্রেক্ষাপট কী। চরিত্রটির গুরুত্ব কতটা, গল্পটি কী—কিছুই জানেন না। কীভাবে দৃশ্যটি উপস্থাপন করা হয়েছে, সেটাও জানেন না। শুধু জানেন যে সেখানে অন্তরঙ্গতা রয়েছে। আর সেটুকু দেখেই আপনি সমালোচনা ও তর্ক শুরু করে দেন।”
স্বস্তিকার এই বক্তব্যের মূল বার্তা হলো—একজন অভিনেত্রীর ব্যক্তিগত জীবন, বৈবাহিক পরিচয় কিংবা মাতৃত্বকে কোনোভাবেই তার পর্দার চরিত্রের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয়। পর্দায় তিনি কোন চরিত্রে অভিনয় করবেন, তা সম্পূর্ণভাবে নির্ভর করে গল্প ও চরিত্রের চাহিদার ওপর। পর্দায় কোনো ঘনিষ্ঠ বা সাহসী দৃশ্যে অভিনয় করলেই নারী শিল্পীদের ব্যক্তিগত জীবনকে টেনে এনে প্রশ্ন তোলার এই মানসিকতার তীব্র সমালোচনা করেন তিনি।
সেই সঙ্গে স্বস্তিকা প্রশ্ন তোলেন, একজন অভিনেত্রী কি তবে সমাজ নির্ধারিত শুধু ‘আদর্শ’ বা ‘ত্যাগী’ নারীর চরিত্রেই আজীবন অভিনয় করে যাবেন? নাকি একজন শিল্পী হিসেবে নিজের পছন্দমতো যেকোনো ধরনের বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করার স্বাধীনতা তার থাকা উচিত?
‘টক্সিক’ সিনেমায় যশ ও কিয়ারা ছাড়াও আরও বেশ কয়েকজন জনপ্রিয় তারকা অভিনয় করেছেন। মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শক ও সমালোচকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, কিয়ারাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং তার পক্ষে স্বস্তিকার এই জোরালো বক্তব্য সিনেমাটিকে ঘিরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।





























