খুলনার রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:২৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

খুলনার রূপসা উপজেলায় মো. বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বাপ্পি রূপসা উপজেলার আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে মমিনবাগ বিলের মাছের ঘেরের ভেতরে বাপ্পির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, বাপ্পি নিয়মিত এলাকায় থাকতেন না এবং বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলে তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে হত্যার সঠিক সময়, কারণ কিংবা কারা এই ঘটনার সঙ্গে জড়িত—এসব বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনিসুজ্জামান জানান, ভোর সাড়ে ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হলেও গুলির ঘটনাটি আরও আগে ঘটে থাকতে পারে। বর্তমানে হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


























