২৫ বছর পর টেনাশিনাসের নতুন আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ০২:০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পীদের ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকার সংসদ (টেনাশিনাস)-কে নতুন করে সক্রিয় করার লক্ষ্যে ৫ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে বিশিষ্ট অভিনেতা আব্দুল আজিজকে আহ্বায়ক এবং কাজী আসাদকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নাট্যসংগঠক আবুল কাশেম, বিশিষ্ট অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজী খুরশিদুজ্জামান উৎপল এবং বিশিষ্ট অভিনেত্রী হুসনে আরা নার্গিস।
সংগঠনটির মুখপাত্র ও অভিনেতা কবির আহমেদ জানান, গত ২৫ বছর ধরে টেনাশিনাসের কোনো নতুন কমিটি গঠিত হয়নি। সর্বশেষ কার্যকরী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও নতুন পরিষদ গঠন না করা, নতুন সদস্য অন্তর্ভুক্তিতে স্থবিরতা, সদস্যদের স্বার্থ রক্ষায় ব্যর্থতা এবং সংগঠনের আদর্শ অনুযায়ী কোনো কার্যক্রম না থাকায় সংগঠনটি নিষ্ক্রিয় হয়ে পড়েছিল। এমতাবস্থায় বেশ কয়েকজন নাট্যশিল্পী ও নাট্যকারের উৎসাহে সংগঠনটিকে কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৬ মাসের মধ্যে সংগঠনের সদস্য তালিকা হালনাগাদ করবে এবং নতুন সদস্য অন্তর্ভুক্ত করবে। এরপর সাধারণ সভার মাধ্যমে সকল সদস্যদের ভোটাধিকারের ভিত্তিতে পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠনের উদ্যোগ নেওয়া হবে। কমিটির পক্ষ থেকে টেনাশিনাসের সকল সদস্যকে এই কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির মূল লক্ষ্য ছিল টেলিভিশন নাট্যশিল্পী ও নাট্যকারদের পেশাগত মর্যাদা ও স্বার্থ সংরক্ষণ করা। সুস্থ সাংস্কৃতিক চর্চা ও বিকাশের মাধ্যমে সদস্যদের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসা সংগঠনটির দীর্ঘ গৌরবময় ঐতিহ্য রয়েছে।


























