চাঁদপুর ল কলেজের পরীক্ষা কেন্দ্র পুনরায় চাঁদপুরে স্থাপনের দাবিতে শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৯:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর ল কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র পুনরায় চাঁদপুরে ফিরিয়ে আনার দাবিতে আজ চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় কলেজের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে চাঁদপুর ল কলেজের পরীক্ষা কেন্দ্র চাঁদপুরে থাকলেও বর্তমানে তা কুমিল্লায় স্থানান্তর করা হয়েছে। এর ফলে শিক্ষার্থীদের, বিশেষ করে নারী শিক্ষার্থীদের, নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে।
সাক্ষাৎকালে বেশ কয়েকজন নারী শিক্ষার্থী তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, অধিকাংশ নারী শিক্ষার্থী বিবাহিত এবং চাকরিজীবী। অনেকের ছোট সন্তান রয়েছে, পাশাপাশি পারিবারিক দায়িত্বও পালন করতে হয়। ফলে পরীক্ষার জন্য কুমিল্লায় গিয়ে অবস্থান করা কিংবা যাতায়াত করা তাদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের মতে, পরীক্ষা কেন্দ্র চাঁদপুরে থাকলে সময়, অর্থ ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি নারী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণ আরও সহজ হবে। এছাড়া কর্মজীবী শিক্ষার্থীরাও স্বাচ্ছন্দ্যে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
এ সময় শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবিগুলো সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের কাছে তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।
সংসদ সদস্য বলেন, শিক্ষার্থীদের এই দাবি যৌক্তিক। তিনি পরীক্ষা কেন্দ্র পুনরায় চাঁদপুরে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বিবেচনা করবে এবং চাঁদপুর ল কলেজের পরীক্ষা কেন্দ্র পুনরায় চাঁদপুরে স্থাপন করা হবে। এতে জেলার অসংখ্য শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীরা উপকৃত হবেন।
চাঁদপুর ল কলেজের শিক্ষার্থীদের এই উদ্যোগ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবির পক্ষে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ভিডিও প্রতিবেদনটি দেখার জন্য সকলের প্রতি অনুরোধ রইলো। মতামত জানাতে ও বিষয়টি ছড়িয়ে দিতে শেয়ার করুন।




























