বিএমইউ’র বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ’র প্রো-ভিসি (প্রশাসন) ও বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রস্থোডনটিক্স বিভাগের শিক্ষক ও উপ-রেজিস্ট্রার আইন এবং কল্যাণ সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ। সভাটি সঞ্চালনা করেন ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও উপ-পরিচালক (জনসংযোগ-অতি.দা.) ডা. সাইফুল আজম রঞ্জু।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও কল্যাণ সমিতির উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর এবং কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও কল্যাণ সমিতির উপদেষ্টা ডা. মোহাম্মদ আল মামুন। এছাড়া ল্যাবরেটরী মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এ এস এম নওরোজ, শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, সেকশন অফিসার এইচ এম ফিরোজ ও জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদারসহ বিএমইউতে কর্মরত বৃহত্তর বরিশাল বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বিএমইউ’র বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতিকে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে অভিহিত করেন। বক্তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি একতা ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার ক্ষেত্রে বিএমইউকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সভার শুরুতে কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ও উপদেষ্টাকে ফুলের তোড়া দিয়ে সম্মান জানানো হয়। এছাড়া সদ্য অধ্যাপক পদে পদোন্নতি প্রাপ্ত অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।





























