নতুন বেতন স্কেল অনুমোদন: ব্যয়ের চ্যালেঞ্জ ও সুফল পাওয়ার সমীকরণ
- আপডেট সময় : ০৩:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল অনুমোদন করা হয়েছে। বর্তমান সময়ে ক্রমাগত মূল্যস্ফীতি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ার বাস্তবতায় এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী ও প্রয়োজনীয় ছিল। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে তুলনামূলক বেশি হারে বেতন বাড়ানোর সিদ্ধান্তটি সমাজের আয়বৈষম্য কমাতে এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নতুন অনুমোদিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকুরিজীবীদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে, প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকায়। দীর্ঘ সময় পর এই বেতন কাঠামো সংশোধিত হওয়ায় সরকারি চাকুরিজীবীদের ওপর থাকা আর্থিক চাপ অনেকটাই লাঘব হবে। এছাড়া অবসরপ্রাপ্তদের জন্য স্ল্যাবভিত্তিক পেনশন বৃদ্ধি, কম পেনশনপ্রাপ্তদের বিশেষ সুবিধা প্রদান, বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের জন্য বিশেষ ভাতা এবং কর্মচারীদের জন্য mobile ভাতার মতো উদ্যোগগুলোকেও সময়োপযোগী মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে একটি বড় ধরনের আর্থিক চ্যালেঞ্জও তৈরি হয়েছে। এই নতুন স্কেল অনুযায়ী বেতন, ভাতা ও পেনশন পরিশোধ করতে প্রতি বছর অতিরিক্ত প্রায় ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকার প্রয়োজন হবে। এই বিশাল অংকের অর্থের দীর্ঘমেয়াদি সংস্থান করা সরকারের জন্য একটি বড় পরীক্ষা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই রাজস্ব আহরণ বৃদ্ধি, সরকারি ব্যয়ে সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনার ওপর জোর দিতে হবে।
সবচেয়ে বড় উদ্বেগের জায়গাটি হলো দেশের বর্তমান মূল্যস্ফীতি পরিস্থিতি। সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি পাওয়ার ফলে বাজারে তাদের ভোগব্যয় বাড়বে। কিন্তু সেই অনুপাতে যদি উৎপাদন ও পণ্যের সরবরাহ বৃদ্ধি না পায়, তবে অতিরিক্ত চাহিদার কারণে বাজারে নতুন করে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। নতুন বেতন স্কেলের প্রকৃত সুফল ধরে রাখতে হলে বাজারে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, ব্যবসায়িক প্রতিযোগিতা বাড়ানো, পণ্য পরিবহন ব্যয় হ্রাস করা, আমদানি ব্যবস্থাপনা উন্নত করা এবং কঠোর বাজার তদারকি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায়, বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যদি নিত্যপণ্যের দামও পাল্লা দিয়ে বাড়ে, তবে প্রকৃত আয় বৃদ্ধির সুফল সাধারণ কর্মচারীরা পাবেন না।
সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনা করে মূল বেতন ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তটি বাস্তবসম্মত হলেও এ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট সময়সূচি এবং পূর্ণ স্বচ্ছতা থাকা দরকার। একই সঙ্গে সরকারি প্রশাসনে নিয়োগ, পদোন্নতি, পদায়ন ও কর্মদক্ষতা মূল্যায়নের ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। শুধুমাত্র বেতন বৃদ্ধি করলেই যে দক্ষ ও জনবান্ধব প্রশাসন গড়ে উঠবে, তা নয়। এর জন্য সরকারি অফিসগুলোতে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ করা, সেবা প্রদানের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ, ডিজিটাল সেবার পরিধি বাড়ানো, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা এবং কর্মদক্ষতার ক্ষেত্রে কঠোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
রাষ্ট্র পরিচালনার ব্যয়ভার যেহেতু সাধারণ জনগণ বহন করে, তাই তারা বিনিময়ে মানসম্মত ও দ্রুত সেবা পাওয়ার অধিকার রাখে। তাছাড়া সরকারি খাতের এই বেতন বৃদ্ধির প্রভাব বেসরকারি খাতেও পড়বে। ফলে সামগ্রিক অর্থনীতিতে ন্যায্য মজুরি ও আয় নিশ্চিত করার বিষয়েও রাষ্ট্রকে নতুন করে ভাবতে হবে। অপ্রয়োজনীয় জনবল ও অপচয় কমিয়ে প্রযুক্তিনির্ভর আধুনিক ও দক্ষ প্রশাসন গড়ে তোলার এখনই উপযুক্ত সময়। নতুন বেতন স্কেলের সফলতা শেষ পর্যন্ত নির্ভর করবে সরকারের অর্থায়নের সক্ষমতা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারি সেবার মান উন্নয়নের ওপর। বেতন বৃদ্ধির পাশাপাশি যদি চাকুরিজীবীদের দায়িত্ববোধ, দক্ষতা, সততা ও জবাবদিহি বৃদ্ধি পায়, তবেই এই বিশাল আর্থিক বিনিয়োগ রাষ্ট্র ও জনগণের জন্য প্রকৃত সুফল বয়ে আমবে।





























