মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপে বিশ্ববাজারে তেলের দাম ৯০ ডলার ছাড়াল
- আপডেট সময় : ১১:২৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালিতে হামলা ও পাল্টা হামলার ঘটনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ইরানের লারাক দ্বীপে মার্কিন হামলা এবং এর জবাবে তেহরানের পাল্টা আক্রমণের পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম ৯০ ডলারের সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বৃদ্ধি পেয়েছে।
সোমবার বাংলাদেশ সময় সকাল পৌনে ৯টার দিকে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫১ ডলার বা ২ দশমিক ৮৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬১ ডলারে পৌঁছেছে। একই সময়ে ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ১৩ ডলার বা ২ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ৮৫ দশমিক ৫৩ ডলারে দাঁড়িয়েছে।
বর্তমানে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে হরমুজ প্রণালিকে কেন্দ্র করে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবহন করা হয়। এই অঞ্চলে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এটি কি তেলের দামের সাময়িক উল্লম্ফন, নাকি সামনে আরও বড় কোনো মূল্যবিস্ফোরণ অপেক্ষা করছে।





























