ফুলবাড়িয়ায় জামায়াতকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:২৬:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফুলবাড়িয়া প্রেস ক্লাবের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়িয়া উপজেলা শাখার আমীর মো. ফজলুল হক শামীম।
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দেওয়া লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল। বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছর ধরে জামায়াতে ইসলামীকে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে হয়রানি করার অপচেষ্টা চালিয়েছে। সেই অপচেষ্টারই অংশ হিসেবে গত কয়েকদিন ধরে ফুলবাড়িয়া উপজেলার ২ নং পুটিজানা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাটুলী এলাকায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে বিভিন্ন বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।
লিখিত বক্তব্যে জামায়াত নেতা আরও দাবি করেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এসব মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে। প্রচারিত তথ্যে আ. সাত্তার নামের যে ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে, তিনি জামায়াতে ইসলামীর কোনো কর্মী নন; বরং তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ওই ব্যক্তি নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিলেও জামায়াতের সাংগঠনিক পরিভাষায় ‘সেক্রেটারি’ শব্দটি ব্যবহৃত হয়। এছাড়া ফ্যামিলি কার্ডের কর্মসূচি বিএনপির নিজস্ব কর্মসূচি বলেও তিনি উল্লেখ করেন।
বিভিন্ন পত্রপত্রিকায় জামায়াতকে জড়িয়ে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলোকে মিথ্যা দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মো. ফজলুল হক শামীম। তিনি সংশ্লিষ্টদের এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মো. গোলাম মোস্তফা, উপজেলা সেক্রেটারি আ. রাজ্জাক, কর্ম পরিষদের সদস্য আ. মজিদ, যুব বিভাগের সভাপতি মো. মনোয়ার হোসেন এবং সংগঠনের অন্যান্য অঙ্গ সহযোগীরা।



























