যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারি দিতে গিয়ে গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত
- আপডেট সময় : ০৪:৫৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার ডেলিভারি দিতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৮ জুলাই) রাতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
ফিলাডেলফিয়া পুলিশের তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে খাবার ডেলিভারি দিতে গিয়েছিলেন মাহফুজুল হক। গুলির শব্দ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাহফুজুল হককে তার গাড়ির পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। সে সময় গাড়িটির ইঞ্জিন চালু ছিল। পুলিশের ভাষ্যমতে, মাহফুজুল হকের মাথার পেছনে গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দ্রুত তাকে পেন প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তদন্তকারী সংস্থা জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, ডোরড্যাশের ডেলিভারি ব্যাগ এবং রাইফেলের গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনায় পেনসিলভানিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।



























