আখাউড়ায় মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচনে প্রার্থী সাংবাদিক কাজী হান্নান
- আপডেট সময় : ০২:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর কল্লা শহীদ (রহ.) মাজার শরীফ পরিচালনা কমিটির নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে এলাকা। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় সাংবাদিক কাজী হান্নান খাদেম। তাঁর প্রার্থিতা ঘোষণার পর থেকেই ভোটারদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
কাজী হান্নান খাদেম দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। তিনি জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিক পত্রিকায় আখাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। পেশাগত ও সামাজিক কাজের পাশাপাশি তিনি মাজার পরিচালনার অভিজ্ঞতায়ও সমৃদ্ধ। ২০০১ সালে প্রথমবারের মতো খড়মপুর মাজার শরীফ পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। পরবর্তীতে তিনবার নির্বাচিত সদস্য হিসেবে প্রায় ১১ বছর তিনি মাজারের উন্নয়ন ও খেদমতে কাজ করেছেন।
সংশ্লিষ্টদের মতে, তাঁর দায়িত্ব পালনকালে মাজার শরীফের জামে মসজিদ, দ্বি-তলা কমপ্লেক্স, মুসাফিরখানা ও পুকুর উন্নয়নসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত কাজ বাস্তবায়িত হয়েছে। এছাড়া মাজারের ভক্ত ও মেহমানদের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতেও তিনি ভূমিকা রেখেছেন। বিগত দুটি নির্বাচনে তরুণদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে তিনি অংশ নেননি। তবে এবার মাজারের উন্নয়ন ও খেদমতে পুনরায় ভূমিকা রাখার প্রত্যাশায় তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে কাজী হান্নান খাদেম বলেন, ভোটাররা অতীতে আমাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে বারবার নির্বাচিত করেছেন। আমি তাঁদের আস্থার মর্যাদা রেখে সততার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। এবারও সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে মাজার শরীফের খেদমত ও উন্নয়নে কাজ করতে চাই। ভোটারদের প্রতি আমার আস্থা রয়েছে এবং আমি আশা করি, তাঁরা এবারও আমার পাশে থাকবেন। এটি কোনো স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটি গঠনের নির্বাচন, যেখানে খাদেমদের গোপন ভোটে সদস্য নির্বাচিত হয়ে থাকেন।

























