গৌরীপুরে পুকুরে মিলল তরুণের ভাসমান লাশ, রহস্যের জট
- আপডেট সময় : ০১:৫৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর গ্রামের একটি পুকুর থেকে শাকিব মিয়া (২৩) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে রামগোপালপুর বাজারসংলগ্ন ঠাকুরবাড়ি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। শাকিব ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে এবং পড়াশোনা ছেড়ে বাবার ব্যবসায় সহযোগিতা করতেন।
পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান শাকিব। রবিবার সকালে বাড়ির সামনে সড়কসংলগ্ন পুকুরে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে প্রথমদিকে লাশটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরে সকাল ৯টার দিকে শাকিবকে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন এবং পুকুরপাড়ে গিয়ে লাশটি শাকিবের বলে শনাক্ত করেন।
শাকিবের চাচা ও স্থানীয় ব্যবসায়ী শিবুল মিয়া জানান, শাকিব শারীরিকভাবে সুস্থ ছিলেন এবং ভালো সাঁতার জানতেন। পুকুরের যে স্থানে লাশটি পাওয়া গেছে, সেখানে হাঁটু থেকে কোমরসমান পানি থাকায় পরিবারের সদস্যরা বিষয়টি রহস্যজনক মনে করছেন। এছাড়া তাঁদের সঙ্গে কারও পূর্বশত্রুতা বা জমিজমা নিয়ে বিরোধ নেই বলেও তিনি জানিয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, সকালে লাশ উদ্ধারের সময় শাকিবের ব্যবহৃত মোবাইল ফোনটি তাঁর ঘরে পাওয়া যায়নি। ভিড়ের মধ্যে সেটি হারিয়ে যেতে পারে বলে তারা ধারণা করছেন। শাকিবের এই আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



























