ভাঙ্গুড়ায় জামায়াত সমর্থিত মেয়র প্রার্থীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
- আপডেট সময় : ০৯:৪৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

আসন্ন পাবনার ভাঙ্গুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র পদপ্রার্থী ও স্থানীয় ব্যবসায়ী হাফিজ উদ্দিন বাহার ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের বকুলতলা এলাকায় অবস্থিত জামায়াতের ইউনিট অফিসে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং মেয়র প্রার্থী হাফিজ উদ্দিন বাহার উপস্থিত সাংবাদিকদের হাতে লাল গোলাপ তুলে দেন।
মতবিনিময় সভায় হাফিজ উদ্দিন বাহার বলেন, "আমি আপনাদেরই সন্তান। এখানেই আমার জন্ম, এখানেই আবার বেড়ে ওঠা। তবে মাঝের কিছুটা সময় আমি পেশাগত কারণে বাইরে অবস্থান করেছি। সামনে পৌরসভা নির্বাচন। আমার দল আমাকে মেয়র পদে সমর্থন দিয়েছে- আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।" তিনি আরও বলেন যে তিনি নিজে দুর্নীতির সঙ্গে জড়িত নন এবং দুর্নীতিকে প্রশ্রয়ও দেন না। বিগত নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এবারের নির্বাচনে জয়ী হতে পারলে তিনি ভাঙ্গুড়া পৌরসভাকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি আধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন এবং ন্যায় ও ইনসাফের সাথে উন্নয়নের কাজ করবেন।
সাংবাদিকদের জাতির দর্পণ হিসেবে অভিহিত করে হাফিজ উদ্দিন বাহার বলেন, "আপনারা সাংবাদিক-জাতির দর্পণ। আমার ভালো কাজ নিয়ে যেমন আপনারা লিখবেন-তেমনি আমার ভুলগুলোও ধরিয়ে দেবেন। আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।"
অনুষ্ঠানটিতে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মজিবর রহমান, জামায়াত সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ হালিম মাজহার নূর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার কুদরত আলী, সেক্রেটারি আব্দুল মালেক, পৌর যুব বিভাগের সেক্রেটারি ডা. আবুল কাশেমসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের জামায়াতে ইসলামীর আমির ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুব বিভাগের সভাপতি সুলতান আহমেদ।




























