করিমগঞ্জে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবক রেজওয়ান
- আপডেট সময় : ০৯:২৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের করিমগঞ্জে নৌকা থেকে নদীতে পড়ে রেজওয়ান আহমেদ শুভ (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চামড়াঘাট এলাকার নাগচিন্নি নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শুভ সুতারপাড়া ইউনিয়নের সাগুলী গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা মুহাম্মদ আবদুল্লাহ জানান, বিকেলে চামড়াঘাট থেকে বাড়ি ফেরার জন্য শুভ একটি নৌকায় ওঠেন। নৌকাটি কিছুদূর যাওয়ার পর অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগলে শুভ নদীতে পড়ে যান। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও রাত পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরিবারের সদস্যরা জানান, শুভ প্রতিদিনের মতো শুক্রবারও বাবার টেইলার্সের দোকানের কর্মচারী ও বাবার জন্য খাবার নিয়ে নিয়ামতপুর বাজারে গিয়েছিলেন। খাবার পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন।



























