টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে ১৫ জন উদ্ধার
- আপডেট সময় : ০৮:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা ১৫ জন নারী ও পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং দুইজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল কচ্ছপিয়া এলাকায় অভিযান চালায়। সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য নারী-পুরুষদের জড়ো করে রাখার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে চকরিয়া এবং নরসিংদী জেলার বাসিন্দা রয়েছেন।
টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম জানান, মানবপাচারকারী একটি চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে সাগরপথে লোক পাচারের অপচেষ্টা চালিয়ে আসছে। উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে পাচারচক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া ব্যক্তিদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



























