পাবনার সাঁথিয়ায় দুই সার ডিলারকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ১০:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়া পৌর সদরের বোয়ালমারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই সার ডিলারকে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ এই অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা গেছে, বিএডিসির অনুমোদিত সার ডিলার আবুল কালামের গুদামে প্রয়োজনীয় রেজিস্টার না থাকা এবং গুদামটি সঠিকভাবে সংরক্ষণ না করার অপরাধ প্রমাণিত হয়। এই অপরাধে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
অন্যদিকে, ডিলার নজরুল ইসলামের গুদামের কোনো বৈধ লাইসেন্স ছিল না। এছাড়া সেখানে অবৈধভাবে প্রায় ৪০০ বস্তা ডিএপি সার মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি আরেকটি মামলা করা হয়েছে।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও ইউএনও সেলিম আহমেদ নির্দেশ দেন যে, জব্দ করা প্রায় ৪০০ বস্তা সার উপজেলা কৃষি অফিসের একজন উপসহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে সরকারি ন্যায্যমূল্যে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রি করতে হবে। সার বিতরণে অনিয়ম রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।



























