কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ ড্র
- আপডেট সময় : ১১:৫৯:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

“ক্রীড়া শক্তি, ক্রীড়া বল—মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিত যুবকদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামমোহন উচ্চ বিদ্যালয় মাঠে এই জমজমাট ম্যাচটি আয়োজন করা হয়।
খেলায় উভয় দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে। ম্যাচের শুরু থেকেই দুই পক্ষই আক্রমণ ও পাল্টা আক্রমণের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখে। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে গোল করার বেশ কিছু সুযোগ তৈরি হলেও নির্ধারিত সময় শেষে ২-২ গোলের সমতায় খেলাটি শেষ হয়।
এই প্রীতি ম্যাচটিকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দমুখর পরিবেশ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুশলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সামাদ শিকদার।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সামাদ শিকদার বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য। মাদক নয়, তরুণদের হাতে থাকতে হবে খেলার বল। সমাজের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। আমি সবসময় তরুণদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”



























