যুক্তরাজ্যে গুলিবিদ্ধ হয়ে বিশ্বনাথের যুবক মাছুম আহমদ নিহত
- আপডেট সময় : ০৬:৫৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে গুলিবিদ্ধ হয়ে মাছুম আহমদ (৪০) নামের সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পূর্ব লন্ডন এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মাছুম আহমদ বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে। তিনি ছোটবেলা থেকেই যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন এবং তার এক কন্যাসন্তান রয়েছে।
নিহতের ছোট ভাই যুক্তরাজ্যপ্রবাসী মানিক মিয়া জানান, সোমবার স্থানীয় সময় রাত চারটার দিকে পুলিশ তাদের বাসায় আসে। পুলিশ দরজা খুলে মাছুম আহমদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য তার ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ তাদের জানায় যে, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মানিক মিয়া জানান, কী কারণে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তারা এখনো কিছু জানতে পারেননি। বর্তমানে তার মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে নিহতের ছোট ভাই মারুফ আহমদ ফোন করে বাবা আমির আলীকে মাছুমের মৃত্যুর খবরটি জানান। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মাছুম আহমদের আরও দুই ভাই ও দুই বোন সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন।
মঙ্গলবার দুপুরে পূর্ব কারিকোনা গ্রামের স্থানীয় মসজিদের মাইকে মাছুম আহমদের মৃত্যুর খবর প্রচার করা হয় এবং পরবর্তীতে তার জানাজার সময় জানানো হবে বলে ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, তিনি লোকমুখে যুক্তরাজ্যে বিশ্বনাথের এক প্রবাসীর মৃত্যুর খবর শুনেছেন।





























