গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৫ প্লাটুন বিজিবি
- আপডেট সময় : ০৩:৩৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বিভিন্ন মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে মঙ্গলবার (৪ আগস্ট) থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানিয়েছেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচিগুলো যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৫ আগস্ট পর্যন্ত জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন থাকবে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।




























