এআই দিয়ে বিকৃত ভিডিও তৈরির অভিযোগ এমপি এম নাসেরের
- আপডেট সময় : ১২:০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বলে দাবি করেছেন। শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি জানান, রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের অংশ হিসেবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার মাথার ছবি অন্য একজনের শরীরে বসিয়ে এই বিকৃত ও অশ্লীল ভিডিওটি তৈরি ও প্রচার করা হচ্ছে।
এম নাসের রহমান জানান, এ ঘটনার প্রেক্ষিতে তিনি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। বর্তমানে সংশ্লিষ্ট ডিজিটাল আলামত সংরক্ষণ, প্রযুক্তিগত বিশ্লেষণ এবং জড়িতদের শনাক্তের কাজ চলছে। সরকারের একটি বিশেষায়িত সংস্থা অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, যাচাই-বাছাই ছাড়া কোনো ভুয়া বা বিভ্রান্তিকর এআই-নির্মিত ভিডিও, ছবি বা তথ্য শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকতে হবে। একইসঙ্গে এমপি সতর্ক করে বলেন, এ ধরনের কনটেন্ট প্রচার বা পুনঃপ্রচার করা প্রচলিত তথ্যপ্রযুক্তি আইনে দণ্ডনীয় অপরাধ।



























