কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু
- আপডেট সময় : ০৬:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল রিফাত ও সাফা। একপর্যায়ে সাফা অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুকুরে দুই শিশুকে দেখে দ্রুত উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী বলেন, “হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।”
মিঠামইন থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”




























