বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা
- আপডেট সময় : ০১:৫৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিখ্যাত প্রকাশনা সংস্থা এলসেভিয়ার যৌথভাবে সম্প্রতি ২০২৬ সালের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকা প্রকাশ করেছে। মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৬ জন শিক্ষক ও গবেষক। গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের গবেষণাগত প্রভাবসহ বিভিন্ন সূচক মূল্যায়ন করে এই বৈশ্বিক তালিকাটি প্রস্তুত করা হয়েছে।
মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মধ্যে পাঁচজনের নাম ও তাদের বৈশ্বিক অবস্থান প্রকাশ করা হয়েছে। তারা হলেন—মিজানুর রহমান (বৈশ্বিক অবস্থান ৮৪,৪৪৭), রুহুল আমিন ভূঁইয়া (১,৪৫,২৮৫), হাবিবুর রহমান (১,৭২,৩৮৯), শাহিন আলী (১,৯৮,২২৫) এবং নজরুল ইসলাম (৪,২০,২৪৫)। আন্তর্জাতিক গবেষণাক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শক্তিশালী অবস্থান এবং বৈশ্বিক জ্ঞানচর্চায় ক্রমবর্ধমান প্রভাবের প্রতিফলন হিসেবে এই স্বীকৃতিকে দেখছেন সংশ্লিষ্টরা।
শিক্ষকদের এই অসামান্য অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীদের তালিকায় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে যে ৬ জন স্থান পেয়েছেন, তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এটা নিশ্চয়ই আনন্দের খবর। আশা রাখছি, আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইবি থেকে গবেষকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন ও এইচ-ইনডেক্সের ভিত্তিতে বাংলাদেশের শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি তালিকাও যৌথভাবে প্রকাশ করা হয়েছে। এই তালিকায় দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।





























