বিশ্বসেরা গবেষকের তালিকায় যবিপ্রবির ১১ বিজ্ঞানী
- আপডেট সময় : ০১:০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে

গবেষণায় অনন্য কৃতিত্ব দেখিয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসের খ্যাতনামা প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর যৌথ জরিপে বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন যবিপ্রবির ১১ জন শিক্ষক ও গবেষক। এই গৌরবময় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর গবেষকদের অভিনন্দন জানিয়েছেন এবং ক্যাম্পাসে গবেষণার পরিবেশ আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের এই তালিকায় স্থান পাওয়ার ক্ষেত্রে গবেষকদের প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধ, সাইটেশন (উদ্ধৃতি), এইচ-ইনডেক্স, কাজের ধারাবাহিকতা এবং সহ-লেখকদের প্রভাব মূল্যায়ন করা হয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি বৈশ্বিক জ্ঞানচর্চায় যবিপ্রবির ক্রমবর্ধমান প্রভাব ও শক্তিশালী অবস্থানকে প্রমাণ করে। এবারের তালিকায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যবিপ্রবির অবস্থান ষষ্ঠ।
প্রকাশিত তালিকায় শুধুমাত্র এক বছরের গবেষণা মূল্যায়নের ভিত্তিতে গঠিত ‘সিঙ্গেল-ইয়ার’ ক্যাটাগরিতে যবিপ্রবির মোট ১১ জন গবেষক স্থান পেয়েছেন। এদের মধ্যে নতুন সাতজন হলেন—জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের অধ্যাপক ড. মো. মশিয়ার রহমান, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক সাইবুর রহমান মোল্লা, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক মো. আমজাদ হোসেন ড. ইঞ্জি, একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. বিপ্লব হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. তানভির আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও গবেষক পার্থ কুমার বিশ্বাস।
অন্যদিকে, গবেষকদের দীর্ঘদিনের সামগ্রিক কর্মজীবন বা পেশাগত গবেষণার ওপর ভিত্তি করে ‘ক্যারিয়ার-লং’ ক্যাটাগরিতে যবিপ্রবির চারজন গবেষক অনন্য স্বীকৃতি পেয়েছেন। এই চারজন হলেন—কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান এবং গবেষক মো. সাইফুল ইসলাম। উল্লেখ্য, এই চারজন গবেষক ‘সিঙ্গেল-ইয়ার’ ক্যাটাগরিতেও স্থান পেয়েছেন।
যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর এই সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, "আমাদের শিক্ষকদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও গবেষণার ফলেই এই গৌরব অর্জিত হয়েছে। শিক্ষকদের গবেষণার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। আমরা এ লক্ষ্যে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা বৃদ্ধির জন্য নিরলস কাজ করে যাচ্ছি।" তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় যবিপ্রবি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে এবং আগামীতে আরও বেশি গবেষক আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করবেন।





























